Message from Chairman

প্রিয় শিক্ষার্থী,
সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও শুভানুধ্যায়ী আস্সালামু আলাইকুম, মানুষ সৃষ্টির সেরা জীব। তবে জন্ম মাত্রই প্রতিটি মানুষ এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না। বস্তুত জ্ঞানের আলো, বিজ্ঞানের সত্যনুসন্ধান, সামাজিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিচর্যা এবং সর্বোপরি সুপ্ত প্রতিভার বিকাশ মানুষকে এ শ্রেষ্ঠত্ব দান করে থাকে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যৎ এ তারাই দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে যথার্থ ভূমিকা পালন করবে। উদ্দেশ্য ও লক্ষ্যহীন শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক জ্ঞান দান করতে ব্যর্থ হচ্ছে। তাই শিশু কিশোরদের সুনাগরিক, সুশিক্ষিত ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, সুযোগ্য ও উন্নত নৈতিক চরিত্রের নাগরিক তৈরির ক্ষেত্রে “মনপুরা স্কুল ও কলেজ” অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যয় নিয়ে নিজস্ব ভবনে ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ।

এখনো বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ সব বঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছাতে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক তথ্য -প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে অত্র প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। কঠোর নিয়ম-শৃঙ্খলা, পাঠদানের আধুনিক পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “মনপুরা ̄স্কুল ও কলেজ” পরিচিতি পাবে বলে আমি একান্ত ভাবে আশাবাদী ।

“মনপুরা গ্রুপ” একটি সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান। “মনপুরা গ্রুপ” এর একটি সহযোগী প্রতিষ্ঠান হলো “মনপুরা স্কুল ও কলেজ”। আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি হবে বাংলাদেশে বিশ্বমানসম্পন্ন আধুনিক শিক্ষার একটি দিক-নির্দেশক। মানসম্পন্ন শিক্ষা থেকে একজন শিক্ষার্থীও যেন বাদ না পড়ে, সে ধরণের একটি শিক্ষা কাঠামো গড়ে তুলতে পারলে আমরা জাতিগতভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ সহজে মোকাবেলা করতে সমর্থ হবো ইন্শাআল্লাহ্ ।

“মনপুরা স্কুল ও কলেজ” এর এসব, মহৎ লক্ষ্যকে সাফল্যমন্ডিত করতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী সহ সম্মাণিত সকল ব্যক্তির অকুণ্ঠ সমর্থন ও ঐকান্তিক সহযোগিতা আমরা একান্ত ভাবে প্রত্যাশা করছি। ধন্যবাদান্তে

আনোয়ার হোসেন
চেয়ারম্যান
মনপুরা স্কুল ও কলেজ